বৃষ্টি
———–
একটুখানি
ছন্দ বাহার
একটুখানি
ঝর্ণা পাহাড়
এমন করে
বর্ষা কালে
সবুজ ভ্যালি
ডাক পাঠালে
কু ঝিকঝিক
ট্রেনের চাকায়
নির্জনতা
মুচকি তাকায়
ছোট্ট হোটেল
হলুদ বাড়ি
বৃষ্টি জলে
সতেজ ভারি
মেঘবাদলে
বাজের ডাকে
ছাঁট আসবেই
জানলাফাঁকে
সাইটসিয়িং
শিকেয় তুলে
ভিজতে যাবি
দরজা খুলে?
বৃষ্টি নামুক
মাথায়, পিঠে
বাতাস উড়ুক
হালকা মিঠে
উড়ুক আঁচল
উড়ুক আড়াল
ঝর্ণা ভাসাক
পাহাড়ী ঢাল
জামার গায়ে
কাজলরেখা,
ভিজলি কি তুই
এমন একা–
পালাই তবে
পালাই ঘরে
তুইও আসিস
একটু পরে
জ্বর বাধাবো
সন্ধেরাতে
জড়িয়ে রাখিস
তোর দুহাতে
জড়িয়ে রাখিস
আগলে বুকে
সময় ঘুমোক
অথৈ সুখে।
ঠোঁটের কোলে
ঠোঁট ঘুমোবে।
বৃষ্টি আবার
ভাসিয়ে নেবে।
বৃষ্টি আবার ভাসিয়ে নেবে।
—


















































































































































































































































Leave a Comment