ধরা যাক, এই আকাশভাঙা বৃষ্টিটা এইখানে, ঘরের সব জানলা বন্ধ করে কাচের ওপার থেকে, কিংবা পড়িমড়ি আধাশুকনো কাপড় তুলে পালিয়ে আসতে আসতে ভিজে যেতে যেতে, কিংবা চিলেছাতে ওঠার লোহার সিঁড়িতে বসে ভিজতে ভিজতে দেখছি না৷ ধরা যাক, সামনে রাস্তা পেরিয়ে ছুঁতে আসা পেয়ারা গাছটা ভিজে চুপ্পুশ হয়ে উঠছে না, ফ্ল্যাটবাড়ির পাইপ দিয়ে তোড়ে জল বেরিয়ে যাচ্ছে না, ঝাপসা ঘরবাড়ি খুপরি খুপরির ফাঁকে সময় মেপে রাস্তার আলো জ্বলে উঠছে না।
ধরা যাক, যে হ্রদটা খুঁজে বেড়াচ্ছি এতকাল তার পাশের পাথুরে চাটানে একলা তাঁবুখানি। বৃষ্টি নৃত্যচঞ্চল পদসঞ্চারে আসছে ওপার থেকে, পাহাড়চূড়ার বরফে, হ্রদের জলে তরঙ্গ তুলে৷ আর আকাশ জুড়ে মুহুর্মুহু ঝলসে উঠছে কোনও একাকী শিল্পীর উল্লাস।
ধরা যাক, অলীক জীবনযাপনের ব্যাঘাত পেরিয়ে, এই মেঘ, এই বৃষ্টিও আমায় খুঁজে ফিরছে, চিরকাল৷
ধরাই যাক না!


















































































































































































































































Leave a Comment